May 8, 2026
ঢাকা: বেগম জিয়া মচকান কিন্তু ভাঙেন না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। বুধবার জাতীয় প্রেস ক্লাবের কনফান্সে লাউঞ্জে সম্মিলিত হোমিওপ্যাথিক জোট আয়োজিত হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হেনিম্যানের ২৬৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের হোমিও চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে শহীদ জিয়ার অবদান’ র্শীষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবেদীন বলেন, ‘আমি মনে করি না যে খালেদা জিয়ার আন্দোলন ব্যর্থ হবে। যারা এটা মনে করেন, তারা খালেদা জিয়ার আন্দোলন সর্ম্পকে কিছু জানেন না। খালেদা জিয়া মচকান কিন্তু ভাঙেন না।’
‘জিয়াউর রহমান চার নম্বর মীরজাফর’ ইনুর এমন বক্তব্যের জবাবে বলেন, ‘ইনু এত বড় সাহস কোথায় পেলেন। যারা জাতীয় পতকাবাহী গাড়িতে চড়ে এসব কথা বলেন ঠাণ্ডা কথায় তাদের কি টনক নড়বে। জিয়ার গ্রহণযোগ্যতার কারণে সরকার ভীত হয়ে এ সব কথা বলছেন।’
তিনি বলেন, ‘জিয়া ও খালেদা জিয়াকে আপনারা যে নামে ডাকেন না কেন, আমরা দুঃখ পাই, কিন্তু ভয় পাই না।’
বিএনপির আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, ‘খালেদা জিয়া ৯ বছর আন্দোলন করে এরশাদকে গদি থেকে নামিয়েছিলেন। একটু অপেক্ষা করুন, পুলিশ দিয়ে ব্যানার কেড়ে নিয়ে, উঠিয়ে দিলে আন্দোলন বিফল হবে না। অপেক্ষা করেন সময় কথা বলবে।’
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের সমালোচনা করে ফারুক বলেন, ‘মোবারক হোসেন মোটেই মোবারক নন আবুল মোবারক। আপনাকে ডিসি হিসেবে দেখেছি ইসি হিসেবেও দেখছি। আপনার উপর আস্থা উঠে গেছে। আপনার অধীনে বিএনপি আর কোন নির্বাচন হতে দিবে না।’
আলোচনা সভায় সংগঠনের সভাপতি আরিফুর রহমান মোল্লার সভাপিতত্বে আরও বক্তব্য রাখেন যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, শিল্পী মনির খান, ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, বিএমএ সাবেক মহাসচিব ডা. গাজী আব্দুল হক প্রমুখ।