May 26, 2026
ঢাকা: দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে মুত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা, শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে এ আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, সরকার মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য বেছে বেছে জামায়াত ও ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা করছে, দেশের মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করছে।
মিছিল, সভা-সমাবেশের আয়োজন করলেই সরকার গুলি চালাচ্ছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করে হাজার হাজার ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবন ধ্বংস করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, এ হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জামায়াতের সকল পর্যায়ের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ তীর্থযাত্রীগণ জেলার শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর নামক স্থানে গঙ্গাস্নানের জন্য গমন করবেন। জেলার হিন্দু সম্প্রদায়ের অনুরোধের প্রেক্ষিতে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বার্থে চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।
এছাড়াও হাসপাতাল ও অ্যাম্বুলেন্স হরতালের আওতামুক্ত থাকবে।