পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাণিজ্য মেলার সময় বাড়ানোর গুজব

Posted on February 5, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

Abu shufian (24)মেলা প্রাঙ্গণ থেকে: বুধবার সন্ধ্যায় হঠাৎ দর্শনার্থীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ১০ দিন বাড়নো হয়েছে। কিছু স্টলের কর্মকর্তাদের কাছেও শোনা যায় একই কথা। তবে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে এটি স্রেফ গুজব। মেলার সময় বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ইপিবির পরিচালক ড. এ এফ এম মনজুর কাদীর বলেন, মেলার সময় বাড়নোর জন্য অংশগ্রহণকারী স্টল মালিকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, মেলার সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। স্টল মালিকদের আবেদনের বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করে দেখছে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা তাই বাস্তবায়ন করবো। তবে এখন পর্যন্ত (বুধবার সাড়ে ৬টা পর্যন্ত) সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে অংশগ্রহণকারী স্টলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি মেলার সময় ১০ দিন বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করার দাবি জানানো হয়।  বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদের কাছে লিখিতভাবে স্টল মালিকদের পক্ষে এ আবেদন করেন ডিআইটিএফ-২০১৪ ফেয়ার অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

আবেদনের কপি ইপিবির ভাইস চেয়ারম্যান, মহাপরিচালক-১, মেলার সদস্য সচিব ও পরিচালক ডিআইটিএফ-কে দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে,  মেলা চালুর ১০ দিন পরেও অনেক প্যাভিলিয়ন ও স্টল অবিক্রিত ছিলো। আবার মন্দা বাজারের কারণে অনেক স্টল প্রাথমিক বরাদ্দ পাওয়ার পরও খালি ছিলো। এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি অনেক স্টল অংশগ্রহণ করেনি। এখন রাজনৈতিক অবস্থা ভালো উল্লেখ করে আবেদনে বলা হয়, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার সময় বাড়ানো হলে বিদেশি স্টলগুলো অংশ নিতে পারবে। ব্যবসায়ীরাও পুঁজি নিয়ে ফিরতে পারবেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud