May 3, 2026
মুসলিমা সুফিয়ান: সম্ভব্য সব ধরনের হুমকির কথা মাথায় রেখে বিশ্ব ইজতেমায় র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে র্যাব সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। নিরাপত্তা ব্যবস্থায় সব ধরনের চ্যালেঞ্জ বিশ্লেষণ করা হয়েছে। পুরো ইজতেমা ময়দান ও এর আশেপাশে র্যাব সদস্যরা তৎপর থাকবে। পোশাক পরিহিত র্যাব সদস্য, সাদা পোশাকের র্যাব সদস্য ও ছদ্মবেশী র্যাব সদস্যরা মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।’ র্যাব সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সার্বক্ষণিক টহল দেবে। এমনকি নদীতেও র্যাবের টহল টিম থাকবে। ইজতেমা ময়দান হেলিকপ্টার দিয়ে র্যাব সার্বক্ষণিক মনিটরিং করবে।’ বিশ্ব ইজতেমায় শুধু নিরাপত্তায়ই নয় মুসল্লিদের যেকোনো প্রয়োজনে র্যাব সদস্যরা তৎপর থাকবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘র্যাব সদস্যরা অসুস্থ মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদান করবে। কোনো মুসল্লি বেশি অসুস্থ থাকলে র্যাব সদস্যরা এ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছে দেবে।’

ইজতেমা শেষে মুসল্লিদের বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে র্যাব সদস্যরা সামর্থ অনুযায়ী চেষ্টা করবে বলেও তিনি জানান। অবরোধে দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাক আটকে আছে সেক্ষেত্রে র্যাব কোনো ব্যবস্থা নিচ্ছে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, র্যাবের কাছে সহায়তা চাইলে সব সময় র্যাব সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘যেখানে জনসাধারণের প্রয়োজন রয়েছে সেখানেই র্যাব সহায়তা করবে।’ দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে এবং নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। কোনো ধর্মই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করে না।’ তিনি আরও বলেন, ‘অধর্মের জয় হবে ধর্ম দিয়েই।’