May 6, 2026
বিনোদন: জনপ্রিয় পরিচালক ছটকু আহমেদ এতদিন চলচ্চিত্র জগৎ থেকে দূরে থাকলেও সম্প্রতি ফিরছেন তার চিরচেনা পরিবেশে। দীর্ঘদিন পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কাহিনীকার ও পরিচালক ছটকু আহমেদ ‘বিপদজনক ভালবাসা’ নামে একটি ছবির কাজ শুরু করলেন আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে।
গত ২৩ মার্চ সন্ধ্যায় শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে অনুষ্ঠিত এ মহরতের শুভ উদ্বোধন ঘোষণা করেন নায়ক রাজ রাজ্জাক। উপস্থিত ছিলেন চ্যানেল ফাইভ এর ব্যবস্থাপনা পরিচালক বড়ুয়া মনোজিত ধীমন, পরিচালক আনোয়ার হোসেন মেহেদী, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, সংগীত পরিচালক এ রহমান, নৃত্য পরিচালক রফিকুল ইসলাম রনি প্রমুখ।
মহরতের পর নবাগতা সুমাইয়া রহমান উপমাকে দিয়ে একটি গান রেকর্ড করেন সংগীত পরিচালক এ রহমান। গানের গীতিকার সজিব। চ্যানেল ফাইভের প্রথম চলিচ্চত্র ‘বিপদজনক ভালোবাসা’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য বীরজান ও নবাগত শ্রীনূর। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মামুন, অপূর্বা, রেবেকা, লিটন ত্রিপুরা, কাবিলা, সিরাজ হায়দার প্রমুখ।
ছবিটি কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ দেশের মনোরম লোকেশেন চিত্রায়িত হবে বলে পরিচালক ছটকু আহমেদ জানান। তিনি জানান, রোমান্টিক গল্প নির্ভর নির্মীয়মাণ ‘বিপদজনক ভালোবাসা’-এর শুটিং খুব শীঘ্রই শুরু হবে।