April 28, 2026
কলকাতা প্রতিনিধি: তাপস পালবেফাঁস মন্তব্য করে অনেকটা গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পাল। কেবলমাত্র নিকটজনদের সঙ্গেই তিনি টেলিফোনে যোগাযোগ রাখছেন। বাড়ি থেকে বের হচ্ছেন না।
তাপস পালের সাংসদপদ বাতিলের দাবিতে ভারতজুড়ে আন্দোলন চলছে। গতকাল শনিবার পাঞ্জাব ও চণ্ডীগড়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল হয়েছে। তাপস পালের কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। তাপস পালকে ক্ষমা করে দিয়ে স্বস্তিতে নেই তৃণমূল। চলমান আন্দোলনের জেরে তাপস পাল তাঁর সংসদীয় এলাকায় যেতে পারবেন কি না, তা নিয়ে দলের মধ্যে সংশয় রয়েছে। এলাকাবাসী ঘোষণা দিয়েছে, তাপস পাল এলাকায় গেলেই তাঁরা বিক্ষোভ করবে। সোমবার থেকে ভারতীয় সংসদ লোকসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে যোগ দিচ্ছেন না তাপস পাল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তাপস পালকে লোকসভার অধিবেশনে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। ১০টি বাম দলের পক্ষ থেকে আগামীকাল সংসদের সামনে তাপস পালের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বামদল, কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঘোষণা দিয়েছে, সংসদে রেল ও সাধারণ বাজেট ঘোষণার পরই তারা তাপস পালের বিরুদ্ধে দেশব্যাপী জোরদার আন্দোলনে নামবে। তাপস পালের হুমকির পরিপ্রেক্ষিতে নদীয়ার তেঘরি এবং হরনগর গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। তাপস পালের হুমকিতে ওই দুটি গ্রামের বামদলের সমর্থক পুরুষেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। বাড়িতে অবস্থানরত নারীরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের ভয়, তাপস পালের ‘ছেলেরা’ যদি বাড়িতে নারীদের একা পেয়ে শ্লীলতাহানি করে।