May 18, 2026
টুঙ্গিপাড়া: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান। জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এসময় তিন বাহিনীর একটি চৌকস দল জাতির পিতাকে রাষ্ট্রীয় সালাম জানায়। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হিসাবেও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী এবং সর্বস্তরের মানুষ। বেলা ১১টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলে অংশ নেন।