April 29, 2026
লাইফ স্টাইল: পবিত্র লাইলাতুল বরাত বা শবেবরাত, যা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। আর এই দিনটি মুসলমানরা ইবাদতের মধ্য দিয়ে পার করে। তবে পুরান ঢাকায় এই দিনটিতে দেখা যায় ভিন্ন চিত্র। রাতভর ইবাদতের পাশাপাশি পুরান ঢাকাবাসী আনন্দ উল্লাসও করে থাকে। তাদের কাছে শবেবরাত উদযাপনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে রুটি-হালুয়া। তবে এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে ঐতিহ্যবাহী ‘নকশি রুটি’। কেউ কেউ বলেন, রুমালি রুটি। এই রুটি ‘শবেবরাতি রুটি’ নামেও পরিচিত। রাজধানীর বিভিন্ন স্থান থেকে লোকজন এই ‘নকশি রুটি’ কিনতে আসে পুরান ঢাকায়।
পবিত্র শবেবরাতকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও পুরান ঢাকার অলিগলিতে বিভিন্ন ধরনের রুটির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। অত্যন্ত সাদাসিধে নানা নকশাখচিত একেকটি রুটিতে উৎসবের আমেজের পাশাপাশি ফুঁটে উঠেছে জনপদটির সহজ-সরল জীবনযাপনের চিত্রও।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, শবেবরাতকে ঘিরে পুরান ঢাকার বংশাল, রায়সাহেব বাজার, চকবাজার, নারিন্দাসহ নানা স্থানে নকশা রুটির দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সেগুলোর কোনোটা দেখতে কুলার মতো, কোনোটা মাছের মতো, আবার কোনোটা কুমিরের মতো। এছাড়া গোলাকার ও নকশা করা এবং ফুলের আকৃতিতে বানানো অসংখ্য নকশার রুটির দেখা মিলবে দোকানগুলোতে।
নকশা রুটি ব্যবসায়ীরা জানান, যুগ যুগ ধরেই চলে আসছে এই ঐতিহ্য। আর এই ঐতিহ্য ধরেই ধারাবাহিকভাবে চলে আসছে এই নকশা রুটি। শবেবরাতে এই রুটি আত্মীয়-স্বজনদের বাড়িতে আদান-প্রদান করা হয়। বিশেষ করে শ্বশুর-শাশুড়িরা তার মেয়ে-জামাই বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই রুটি পাঠান। ব্যবসায়ীরা বলেন, প্রতিবছর এই দিনটাতে আমরা রুটি বিক্রি করি। এই রুটি বানানো এবং বিক্রিকে আমরা ঐতিহ্য হিসেবে দেখি।