May 9, 2026
আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (০২ জানুয়ারি) জম্মু ও কাশ্মীরে দুজন পাকিস্তানি সৈন্য ও এক নারীর গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় পাকিস্তানের অভিযোগ নাকচ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
শনিবার (০৩ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজকে লেখা এক চিঠিতে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।
এর আগে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ এক চিঠিতে বলেন, ৩১ ডিসেম্বর অন্তার্জাতিক সীমান্ত বিষয়ে বৈঠকের আহ্বান জানানোর পর পরই ঠাণ্ডা মাথায় ভারত পাকিস্তানি দুই সৈন্য এবং একজন নারীকে হত্যা করেছে।
সুষমা স্বরাজ তার চিঠিতে অভিযোগ অস্বীকার করে বিষয়টি পরিস্কার করে সরতাজ আজিজকে একটি চিঠি লেখেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনার সূত্রপাত পাকিস্তানই ঘটিয়েছে উল্লেখ করে ওই চিঠিতে সুষমা লেখেন, প্রতিদিনের নিয়মিত টহল হিসেবে বিএসএফ ৩১ ডিসেম্বর জম্মু-কাশ্মীর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় পাকিস্তান সীমান্ত ফাঁড়ি থেকে একজন বন্দুকধারী গুলি চালায়।
এতে একজন ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্মকর্তা নিহত হন এবং দুইজন মারাত্মক আহত হন। এ সময় ভারতীয় প্রতিরক্ষা বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালালে পাকিস্তানি কমান্ডার পাল্টা গুলি চালায়। এর ফলে ওই এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ঘটনার সূত্রপাত হয়। এতে করে বেসামরিক লোক হতাহত হয়।
সুষমা স্বরাজ বলেন, ৩১ ডিসেম্বরের ঘটনার পর এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য তার কাছে কোনো বার্তা পাঠানো হয়নি।
শুক্রবার (২ জানুয়ারি) জম্মুর কাটুয়া এবং কাশ্মীরের সাম্বা সীমান্তে গুলিবিদ্ধ হয়ে দুই পাকিস্তানি সৈন্য ও একজন নারী নিহত ও আটজন বেসামরিক লোক আহত হন।