April 20, 2026
ঢাকা: দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা রত্না। বুধবার তিনি ঢাকা জেলার হয়ে মনোনয়নপত্র কেনেন। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এ বিষয়ে রত্না বলেন, “যখন থেকে একটু একটু সব বুঝতে শিখেছি তখন থেকেই বঙ্গবন্ধুর নাম জেনেছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের জন্য আমারও কিছু করার আছে। সেই অভিপ্রায় ও দায়িত্ববোধ থেকে মনোনয়পত্র কিনলাম। বাকিটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমার জন্য আর্শিবাদ। রত্না আরও বলেন, “আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে আমি মাস্টার্স সম্পন্ন করেছি। এর আগেও চলচ্চিত্র অঙ্গনেও মিজু আহমেদের নেতৃত্বে একটি নির্বাচনে অংশ নিয়েছি। সেখানেও আমি সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। আমি যেহেতু দেশের মানুষের ভালোবাসা নিয়ে এতদূর এসেছি, সেদিক থেকে আমারও কিছু দেওয়ার আছে মানুষের জন্য। আমাকে সুযোগ দিলে আমি অবশ্যই তা কাজে লাগাবো।”
রত্না জানান, এর আগে যখনই দলীয় কোন মিছিল মিটিং হয়েছে আমি সক্রিয়ভাবে তাতে অংশ নিয়েছেন তিনি। এখন সরাসরি সমাজসেবায় আত্ননিয়োগ করতে চান। তাকে যদি সাংসদ হিসেবে নির্বাচন নাও করা হয় তাতেও তার কোন আপসোস নেই। তবে তিনি সমাজসেবা করে যেতে চান নিয়মিত। মানুষের পাশে থেকে দেশের জন্য কাজ করতে চান। পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করে যেতে চান এই অভিনেত্রী। তিনি বলেন, “ এখন আমি দেশ ও জনগণের জন্য কিছু করার স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি সততার সঙ্গে দেশের সেবা করার চেষ্টা করব।”
এদিকে রত্না এরই মধ্যে শেষ করেছেন শাহীন পরিচালিত হরর ছবি সেদিন বৃষ্টি ছিলর শুটিং। বর্তমানে ছবিটির ডাবিং চলছে। এদিকে সত্যরঞ্জন রোমান পরিচালিত পরান পাখি সিনেমায় পাখি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সম্প্রতি মোস্তফিজুর রহমান বাবু এবং রকিবুল রাকিবের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জনপ্রিয় এ নায়িকা বর্তমানে বাংলাদেশ ক্যাপিটাল ল’ কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন।