May 6, 2026
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো, বদিউজ্জামান বলেছেন,‘দুদকের কার্যক্রমকে কোনো ভাবেই সন্দেহের চোখে দেখবেন না। অপেক্ষা করুন অচিরেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করে দেখাব।’ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা দুদকের বিরুদ্ধে অপবাদ থেকে মুক্তি পেতে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। অপেক্ষা করুণ দুদক দৃশ্যমান কিছু করে দেখাবে।’ জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করুন। সক্রিয় হোন। আমাদের তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করুণ। আমরা যে কাজে নেমেছি থামবো না।’
দুর্নীতিবাজদের দুর্নীতি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, ‘দুদকের কাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করা। বিচার করে সাজা দেওয়ার দায়িত্ব আদালতের।’
অন্যদিকে দুদক কমিশনার মো সাহাবুদ্দিন বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল বিবেচ্য বিষয় নয়। দুর্নীবিবাজদের পরিচয় তারা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের প্রতি আমাদের কোনো দুর্বলতা নেই। আমাদের আইন বিভাগ সবার দুর্নীতিই খতিয়ে দেখছে।’ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে দশটায় সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে র্যালি শুরু হয়। র্যালিটি মৎসভবন, কাকরাইল, পল্টন ও জাতীয় প্রেসক্লাব হয়ে আবার দুদকে এসে শেষ হয়।