May 6, 2026
তিমির, দিনাজপুর: দিনাজপুরে ঘুর্ণিঝড়ে গর্ভবতী নারী ও নানা-নাতিসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
ক্ষতিগ্রস্থ হয়েছে শতশত ঘরবাড়ি। ভেঙে ও উপড়ে গেছে বিপুলসংখ্যক গাছপালা। বৈদুত্যিক খুঁটি ভেঙে পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঘূর্ণিঝড়ের তা-বে দেয়াল ধ্বসে ও গাছচাপা পড়ে নিহতরা হলেন-ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের গর্ভবতী স্ত্রী মিতু রায় (২২), নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৬০) ও তার নাতি সাব্বির (৮) এবং চিরিরবন্দর উপজেলার কামারপাড়া গ্রামের মৃত সবেত আলীর স্ত্রী আলেয়া বেগম (৬৫)।
শনিবার রাতে দু’দফায় ঘূর্ণিঝড়ে বয়ে যায় দিনাজপুরের সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, নবাবগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায়।
এদিকে ঝড়ে দিনাজপুর সদর, চিরিরবন্দর, ফুলবাড়ী, নবাবগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার শতশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে ও ভেঙে পড়েে কয়েক হাজার গাছপালা। এতে লিচু ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দিনাজপুর-ঢাকা মহাসড়কে গাছ ভেঙে পড়ায় যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রোববার সকাল ১১ টার পরে সড়কে পড়ে থাকা গাছপালা সরানো হলেও দুপুর পর্যন্ত ছিল যানজট।
দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হবে এছাড়াও ক্ষতিগ্রস্তদের ত্রাণ প্রদান করা হবে।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্বাবধানে ক্ষতির তালিকা নিরূপণ করা হচ্ছে বলে জানান তিনি।