পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তারেক রহমান আত্মসমর্পণ করলে জামিন পাবেন: আইনমন্ত্রী

Posted on January 21, 2014 | in জাতীয় | by

3620140119192246ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান আদালতে আত্মসমর্পণ করলে যথাযথ প্রক্রিয়ায় জামিন পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।  মঙ্গলবার সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত রোববার অর্থপাচার (মানিলন্ডারিং) মামলায় তারেক রহমানের খালাস পাওয়ার রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে বিচারিক আদালত ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।  বিচারপতি নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার (মানিলন্ডারিং) মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক। এ আপিলের শুনানি গ্রহণ প্রশ্নে শুনানি শেষে তারেককে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইন অনুযায়ী তারেক রহমান যে মামলায় খালাস পেয়েছেন সেই মামলায় আত্মসমর্পণ করলে বেল (জামিন) পাবেন। তারেক রহমান হাইকোর্টের আদেশ মানবেন কি মানবেন না সেটা তার ব্যাপার। তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ সরকার নেবে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফিরে না আসেন, তবেই ফিরিয়ে আনার প্রশ্ন।

একটি মামলা থেকে তারেক রহমানকে খালাস দেওয়া বিচারপতির সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের তৎপরতার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়টি আমি জানি না। গত ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন ছিল জানিয়ে গিবসন আইনমন্ত্রীকে জানিয়েছেন, সরকারের সঙ্গে তারা কাজ চালিয়ে যাবেন। আইনমন্ত্রী জানান, প্রধান দুই দলের মধ্যে সংলাপের বিষয়ে তাগিদ দিয়ে গিবসন বলেছেন, গণতন্ত্র বিকশিত হওয়া এবং এই ধারা অব্যাহত রাখতে সংলাপের কোনো বিকল্প নেই।

আইনমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস করে, সন্ত্রাসী দলের সঙ্গ তাদের ছাড়তে হবে। আমরাও সংলাপ চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শিগগিরই চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হোক তা কখনো চায় না। বাংলাদেশের মৃত্যুদণ্ড নিয়েও গিবসন ব্রিটেনের পর্যবেক্ষণ মন্ত্রীর কাছে তুলে ধরেন। আইনমন্ত্রী তাকে বলেছেন, ভিন্ন ভিন্ন পরিস্থিতির কারণে বিভিন্ন দেশ মৃত্যুদণ্ড রাখা না রাখার সিদ্ধান্ত নেয়।

মৃত্যুদণ্ড নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ তাদের অবস্থান বিবেচনা করবে জানিয়ে আইনমন্ত্রী গিবসনকে জানিয়েছেন, একাত্তরের গণহত্যাকারীদের ক্ষেত্রে এ ব্যাপারে আপোষের কোনো সুযোগ নেই।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud