April 23, 2026
টঙ্গী: টঙ্গীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-গাজীপুরা বাশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট ও মৃত্যুর সনদপত্রসহ সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ একটি মোবাইল সেট ও ডেথ সার্টিফিকেট নিহত ব্যক্তির বাড়িতে ফেরত দিয়ে আসে। এদিকে পুলিশের উপস্থিতিতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন। জানা গেছে, টঙ্গী বাটা সু কোম্পানির সাবেক কর্মচারি শাহজাহান তালুকদার বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান। নিহত শাহজাহানের ছোট ভাই রাজিব জানান, তারা রাত ২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে টঙ্গীর সাতাইশ এলাকায় তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অ্যাম্বুলেন্সে নিহতের স্ত্রী, বোন, ভাইসহ মোট আটজন লাশের পাশে ছিলেন। অ্যাম্বুলেন্সে নিহতের শোকাহত স্বজনেরা কান্নাকাটি করছিলেন। রাত ৩টায় চালক ভুল করে টঙ্গীর সাতাইশ রোড অতিক্রম করে প্রায় অর্ধ কিলোকিটার দূরে চলে যান। সেখান থেকে আবার সাতাইশ রোডে ঢোকার জন্য গাজীপুরা বাসপট্টি এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় লম্বা রাম দা, ছোরাসহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত ৪/৫ জন ছিনতাইকারী তাদের অ্যাম্বুলেন্সটি ঘিরে ফেলে। ছিনতাইকারীরা এসময় অস্ত্রের মুখে জিম্মি করে নিহতের স্ত্রী ও বোনের দুটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল এবং পুরুষদের পকেট হাতিয়ে নগদ ১০ হাজার টাকা, চারটি মোবাইল সেট ও নিহতের ডেথ সার্টিফিকেট ছিনিয়ে নেয়। লাশের সাথে থাকা নিহতের স্বজনেরা অভিযোগ করে জানান, ঘটনাস্থলের কাছেই টহল পুলিশ অবস্থান করলেও তারা এগিয়ে আসেনি। বরং ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পরক্ষণেই পুলিশ অ্যাম্বুলেন্সের কাছে উপস্থিত হয়। অ্যাম্বুলেন্সটি নিহতের বাড়িতে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই টহল পুলিশের এসআই আব্দুল মান্নান নিহতের ছ্টো ভাই রাজিবের মোবাইল (০১৬১৯০০৩৭৫২) ও নিহতের ডেথ সার্টিফিকেট বাড়িতে ফেরত দিয়ে আসে। এ ব্যাপারে এসআই আব্দুল মান্নানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় আমরা ঘটনাস্থলের বিপরীত পাশে ছিলাম। সাথে সাথে আমরা ছিনতাইকারীদের ধরার চেষ্টা করি। আমাদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা একটি মোবাইল সেট ও ডেথ সার্টিফিকেট ফেলে রেখে যায়। পরে আমি এগুলো নিহতের বাড়িতে পৌঁছে দিই।