পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জনসমর্থন না থাকাতেই বিএনপির আন্দোলন ব্যর্থ : প্রধানমন্ত্রী

Posted on February 8, 2014 | in জাতীয় | by

PM-Sarda-Police-Academy+01রাজশাহী: জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩১তম বিসিএস পুলিশ সার্ভিসের সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক জামায়াত-শিবির ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে সহিংসতা চালিয়েছে। পেট্রল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছে। জনমনে আতঙ্ক তৈরি করতে যানবাহন-রেললাইন ধ্বংস করেছে। কিন্তু জনসমর্থন না থাকায় তাদের সব আন্দোলন ব্যর্থ হয়েছে।

এসময় শিক্ষাণবিশ পুলিশ সুপারদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ বাহিনীকে সংবেদনশীল আচরণ করতে হবে। কিন্তু দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে।  উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখতে জনগণ আবারো আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে বিএনপি ও তাদের দেশি-বিদেশি প্রভু-লবিস্ট, সুবিধাভোগী গোষ্ঠী এবং পেশাদার বুদ্ধিজীবীদের নানমুখি চেষ্টা ব্যর্থ হয়েছে। গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখতে জনগণ স্বতঃস্ফুর্ত ভাবে নির্বাচনে অংশ নিয়েছে।

তিনি বলেন, আমরা এখন উন্নয়নের পরবর্তী ধাপ শুরু করেছি। নির্বাচনী ইশতেহারে এ উন্নয়ন পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছি।  এক বছরে বিএনপি-জামায়াতের তাণ্ডবে ১৫ জন পুলিশ সদস্য মারা গেছেন এবং প্রায় ৩ হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের ( নিহত পুলিশ সদস্য) আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বিএনপি-জামায়াতের সহিংসতা দমনে পুলিশসহ যৌথ বাহিনী অত্যন্ত ত‍ৎপর ভূমিকা পালন করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জামায়াত-শিবির সাম্প্রদায়িক গোষ্ঠি হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে আক্রমণ করেছে। এ জঙ্গি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

পাঁচ বছরে পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, পাঁচ বছরে আমরা ছয়শ’ ১৪ টি ক্যাডার পদসহ প্রায় ৩১ হাজার নতুন পদ সৃষ্টি করেছি। শিল্প পুলিশ, পর্যটন পুলিশসহ (ট্যুরিস্ট পুলিশ) নৌ-পুলিশ গঠন করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গঠন করা হয়েছে।  গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ভিআইপিদের নিরাপত্তায় সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে।

এসআই (উপ-পরিদর্শক) ও সার্জেন্টদের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি এবং ইন্সপেক্টর (পরিদর্শক) পদমর্যাদা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

বঙ্গবন্ধু প্রবর্তিত আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) ৠাংক ব্যাচ পনঃপ্রবর্তন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  আইজিপির পদকে সিনিয়র সচিব পদমর্যাদায় এবং পুলিশ বিভাগের ২টি গ্রেড-২ পদকে গ্রেড-১ উন্নীত করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমাদের সরকার আইনশৃঙ্খলা রক্ষায় বরাদ্ধকৃত অর্থকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। আমরা নিরাপত্তা ও অপরাধের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়ন করেছি।

এসময় তিনি পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও একে যুগোপযোগী করতে পুলিশের জনবল ও সরঞ্জাম বৃদ্ধি এবং নতুন নতুন ইউনিট সৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

সরকার দেশে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ  মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি জনগণের সাথে সুশীল ও শোভন আচরণ করতে হবে।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সর্বোচ্চ পেশাদারিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শিক্ষানবিশ পুলিশ সুপার শাহাদাত হোসেনের পরিচালনায় পুলিশ সুপারদের মার্চপাস্ট ও কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

পরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণকালে কৃতিত্বের জন্য শিক্ষানবিশ এএসপি শাহেদ আহমেদকে বেস্ট ইন হর্সম্যানশিপ, রুহুল আমীন সরকারকে বেস্ট ইন একাডেমিক কাপ এবং আতিকুল হককে বেস্ট ম্যান কাপ প্রদান করেন।

প্রধানমন্ত্রী বিকেল ৪টায় সারদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এছাড়া দু’টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নৃশংসতায় নিহত ছাত্রলীগকর্মী ফারুক হোসেনের পরিবারকে ১০ লাখ টাকা এবং ১৫ ছাত্রলীগ কর্মীসহ জামায়াত-বিএনপির সহিংসতায় ক্ষতিগ্রস্ত ৭৭ ব্যক্তি ও পরিবারের মধ্যে অনুদানের চেক তুলে দেবেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল নাঈম আহমেদের সভাপতিত্বে কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, পুলিশের আইজি খন্দকার হাসান মাহমুদসহ মন্ত্রীসভা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud