May 30, 2026
চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নগরীর প্রবেশপথ অলংকার মোড়, একে খান ও ইস্পাহানি মোড় এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষে মো.আনিস (২৮) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে অবরোধের সমর্থনে এসব এলাকায় ব্যারিকেড দেয় অবরোধকারীরা। পুলিশ ব্যারিকেড সরাতে গেলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে অবরোধকারীদের সরানোর চেষ্টা করতে দেখা গেছে। অন্যদিকে অবরোধকারীদের পুলিশকে লক্ষ্য করে পাল্টা ককটেল ও গুলি ছুঁড়তে দেখা গেছে।
ঘটনাস্থলে অবস্থান করে দেখা গেছে, ইস্পহানি মোড় থেকে একে খান পর্যন্ত এলাকায় আনুমানিক ২০-৩০ গজ পরপর অবরোধকারীরা টায়ার ও ঝুট কাপড়ের স্তূপ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অবরোধকারীরা ইস্পাহানি গেইটের বিভিন্ন স্থানে রেললাইনের উপর অবস্থান নিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছে। আবার বিভিন্ন স্থানে ২০ থেকে ৫০ জন করে নেতাকর্মী জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের এক জায়গায় ছত্রভঙ্গ করলে তারা আবার অন্যস্থানে গিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
ঘটনাস্থলে অবস্থান করে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ১০ জনকে আটক করে নিয়ে যেতে দেখা গেছে। এদিকে সংঘর্ষের সময় আহত পুলিশ কনস্টেবল আনিসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই পংকজ বড়ুয়া বলেন, কনস্টেবল আনিসকে রক্তাক্ত অবস্থায় ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরে স্প্লিণ্টারের আঘাত আছে বলে মনে হচ্ছে। তবে আনিসের অবস্থা আশংকামুক্ত বলে জানান এএসআই পংকজ বড়ুয়া।