May 4, 2026
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ সকাল সোয়া ১০টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তারা জানান। সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে মালবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফৌজদারহাট রেল স্টেশনের মাস্টার শাহ আলম চৌধুরী জানান, রেললাইন বন্ধ থাকায় চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়তে পারেনি। কর্ণফুলী এক্সপ্রেসও আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত বগিগুলো সরাতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান তিনি।