April 27, 2026
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে গুলি করে ফ্যাশন নিট ওয়্যার লিমিটেড নামের এক পোশাক কারখানার কর্মকর্তাদের কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় এ ছিনতাই সংঘটিত হয়। ফ্যাশন নিট ওয়্যার পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা ইয়াসিন আলী জানান, আশুলিয়ার জামগড়া এলাকাস্থ কারখানার প্রধান কার্যালয় থেকে তিন কর্মকর্তা একটি মাইক্রোবাস যোগে ১ কোটি ৩৩ লাখ টাকা নিয়ে কালিয়াকৈরে অবস্থিত ইউনিট-২ এ যাচ্ছিলেন। পথিমধ্যে বোর্ড মিল এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন অস্ত্রধারী যুবক মাইক্রোবাসের গতিরোধ করেন। পরে মাইক্রোবাসের চালকের মাথায় পিস্তল ঠেঁকিয়ে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ফুলবাড়ীয়ার দিকে পালিয়ে যান। টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। কারখানার পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা হবে।