May 9, 2026
রফিক আহমেদ: ৫ জানুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সরকারের গণগ্রেফতার, পুলিশি হামলা, গুলিবর্ষণ ও নৈরাজ্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা, শফিকুর রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জামায়াতসহ ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচি বানচালের জন্য সরকার দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। রাজধানী ঢাকায় কথিত নিষেধাজ্ঞা জারি করে এক বীভৎস পরিবেশের সৃষ্টি করেছে। ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত ও ২০ দলীয় জোটের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। নাটোরে গুলি করে ২ জনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন; ঢাকা, চট্টগ্রাম, লক্ষীপুর, নোয়াখালী, বরিশাল, রাজশাহী, বগুড়া, নাটোর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা লাগিয়ে তাকে ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার অধিকার থেকে বঞ্চিত করেছে। জোট নেত্রীর কার্যালয়ের গেটে তালা লাগানো ঘটনাকে নজির বিহীন বলেও উল্লেখ করেন জামায়াত সেক্রেটারি।
তিনি বলেন, গুলশান কার্যালয়ের গেটে তালা লাগিয়ে ও জনগণের বুকে গুলি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। নৈরাজ্যের পথ বন্ধ করে গ্রেফতার সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।