May 9, 2026
একটি সংগীতভিত্তিক রিয়ালিটি শোয়ের শুটিং চলাকালীন উপস্থাপিকা গওহার খানকে এক যুবকের চড় মারার ঘটনায় ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
সে সময় ঐ যুবক বলেন, সংক্ষিপ্ত পোশাক পরায় গওহারকে শিক্ষা দিতেই এ কাজ করেছেন তিনি। কিন্তু এখন সেই যুবক বলছেন, অনুষ্ঠানের প্রচার বাড়ানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছিল।
জি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আকিল মালিক নামের ঐ যুবক দাবী করেন, গওহার নিজে তাকে চড় মারতে বলেন এবং সে জন্য তাকে টাকাও দিয়েছেন।
আকিল আরও বলেন, জুনিয়র আর্টিস্ট হিসেবে অনুষ্ঠানে কাজ করছিলেন তিনি। তাকে বলা হয়, যদি উপস্থাপিকাকে চড় মারতে পারেন তাহলে সালমান খানের আগামী সিনেমা ‘দাবাং থ্রি’তে অভিনয়ের সুযোগ করে দেওয়া হবে তাকে।
এমনকি গওহার তাকে আশ্বাস দেন, তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে না।
গত বছরের ২রা ডিসেম্বর ‘ইন্ডিয়াস র স্টার’-এর চূড়ান্ত পর্বের শুটিং চলার সময় দর্শকের সারি থেকে উঠে গওহারকে চড় মারেন আকিল। এই ঘটনার পর পুরো বিনোদন জগতে বিতর্কের ঝড় ওঠে। আকিলকে সে মুহূর্তেই গ্রেপ্তার করে পুলিশ এবং তার বিরুদ্ধে যৌন উৎপীড়নের অভিযোগ আনা হয়।
ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম সিজনের বিজয়ী গওহার একজন মডেল ও অভিনেত্রী। ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’ এবং ‘ইশাকজাদে’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।