May 1, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক আগেই আগ্রহ দেখিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা নির্বাহী মার্ক জুকারবার্গ। আর এই আগ্রহ থেকেই এ-ই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে কোনো ল্যাবরেটরি স্থাপন করছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাগারটি স্থাপন করা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
এই গবেষণাগারে একটি দীর্ঘমেয়াদি উচ্চাভিলাসী প্রকল্প নিয়ে কাজ করা হবে। এখানে একটি টিম কাজ করবে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, বচন এবং ইমেজ রিকগনিশন নিয়ে।
ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্কোরেফার বলেন, ‘সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি নিয়ে অতিমাত্রায় কথাবার্তা বলা হচ্ছে।’ ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পের প্রধান ইয়ান লিকুন তার সঙ্গে যোগ করে বলেন, ‘অদূর ভবিষ্যতে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’
তিনি বলেন, ‘আমরা যেমনটি চাচ্ছি তেমন একটা বুদ্ধিমান মেশিন তৈরি করতে এখনো অনেক পথ যেতে হবে। এখানে অনেক কারিগরি বাধা রয়েছে, আর আমরা এখনো জানি না কোন ধরনের সমস্যার মুখে পড়তে হবে আর সেগুলোর সমাধানই বা কী হবে।’
মানুষের সমপর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো অনেক দূরে বলেও স্বীকার করেন তিনি। তার মতে, এতে আরো কয়েক দশক লেগে যেতে পারে।