পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কারাগার এলাকায় বন্ধ হবে মোবাইল নেটওয়ার্ক

Posted on September 30, 2014 | in জাতীয় | by

Jails-Phones2_1ঢাকা: সাজাপ্রাপ্ত আসামিদের বাইরের কারও সঙ্গে যোগাযোগ বন্ধ করার লক্ষ্যে কারা কর্তৃপক্ষ টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে কারাগার এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করার অনুরোধ জানিয়েছে। সূত্র জানায়, কারাগারের মহাপরির্দশক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সই করা একটি চিঠি গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযেগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হয়। চিঠির একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়। চিঠিতে কারাগার বিভাগ দেশের ৩৭ টি জেলখানাকে মোবাইল নেটওয়ার্কের বাইরে রাখার আবেদন জানায়। এসব কারগারে ৬৭ হাজার কয়েদি রয়েছে। চিঠিতে বলা হয়, কারা কর্তৃপক্ষ গণমাধ্যম প্রতিবেদন থেকে জানতে পেরেছে, অনেক সাজাপ্রাপ্ত আসামি মোবাইন ফোনের মাধ্যমে নিয়মিতই বাইরের সঙ্গে যোগাযোগ করছে।

সূত্র আরও জানায়, সাম্প্রতিক সময়ে বাজারে আসা থ্রিজি সেবার মাধ্যমে অনেক কয়েদি স্মার্টফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করে চ্যাট ও ভিডিও কল করে দেশের বাইরের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বিটিআরসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অপরাধীরা আদালতে হাজিরা দিতে গেলে বা জেলগেটে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গেলে মোবাইল ফোন পেয়ে যান।’ এই ব্যবস্থার প্রযুক্তিগত সমস্যা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, টেলিযোগাযোগ কোম্পানিগুলো জানিয়েছে তারা সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ীই কাজ করবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেলিকম কর্মকর্তা জানান, নির্দিষ্ট এলাকার নেটওয়ার্ক বন্ধ রাখা সম্ভব কিন্তু তাতে আশেপাশের নাগরিকদের জন্য অসুবিধা হতে পারে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, তারা এরই মধ্যে জঙ্গি ও সাধারণ কয়েদিদের কারা অভ্যন্তরে মোবাইল ফোন ব্যবহার করার বেশ কিছু প্রমাণ পেয়েছেন। সম্প্রতি আশুলিয়া থেকে ৭ জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশ কর্মী গ্রেফতার হলে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা মোবাইল ফোনে তাদের নেতা, কাশিমপুর জেলে আটকাস্থায় থাকা সাইদুর রহমানের কাছ থেকে নির্দেশনা পেয়ে থাকেন। প্রসঙ্গত, গত জুলাইয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসা এক নির্দেশে ৩৭ টি কারাগারে কর্মরত ৩৬৬ জন কর্মচারীদের মধ্যে কর্মস্থল পরিবর্ত করতে বলা হয়। তাদের অনেকের বিরুদ্ধেই কয়েদি ও জঙ্গি নেতাদের তথ্য আদান-প্রদানে, পরিকল্পনা বাস্তবায়নে ও মোবাইল ফোন ব্যবহারে সহযোগিতা করার অভিযোগ উঠেছে।

সুত্র….বা: ট্রি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud