April 19, 2026
ঢাকা: মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে অপসারিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে আদালতে নেয়ার পর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তাকে আদালতে নেওয়া হয়। আদালত তার জামিন নামঞ্জুর করলে তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে আদালতে থেকে কেন্দ্রীয় কারাগারে নেয়ার সময় তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবিরা।
ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ইসলাম ধর্ম, হজ, হযরত মোহাম্মাদ সা. কে নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। এর পর থেকেই আলোচনা সমালোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন তিনি। দেশের বিভিন্ন আদালতে কয়েক ডজন মামলা হয় তার বিরুদ্ধে। পরোয়ানা মাথায় নিয়েই রোববার রাতে কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। এর পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবিতে ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিক্ষোভ ও হরতালের ডাক দেয়। বুধবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার হরতাল পালন করবে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট।