May 26, 2026
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের আলোচিত ফোর মার্ডার মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা আবুল কাশেম ওরফে কাশু চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম
বাবুকে সোনার কোটপিন পরিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। উপজেলার গোপালদী পৌরসভার গোপালদী বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডের বালুর মাঠে সোমবার রাতে আওয়ামী লীগে যোগ দেন তিনি। আলোচিত এই ফোর মার্ডার মামলার রায় ঘোষণার সময় ঘনিয়ে আসার আগ মুহূর্তে কাশুর আওয়ামী লীগে যোগদানের ঘটনায় গোটা আড়াইহাজারে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কাশুর যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। জাকির মেম্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজালাল মিয়া, গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদার প্রমুখ। জানা গেছে, কাশু চেয়ারম্যান ২০১৩ সালের ৬ জুলাই অনুষ্ঠিত ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত গোপালদী পৌরসভার মেয়র পদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন। তিনি সদাসদী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। এ ছাড়া আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতিও ছিলেন তিনি। ২০০২ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামের ভাইসহ ৪ জনকে ডাকাত আখ্যা দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন আবুল কাশেম ওরফে কাশু চেয়ারম্যান। হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বিলুপ্ত সদাসদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহির মেম্বার।
সুত্র..প্রিয়