February 20, 2026
ঢাকা: সরকার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে আনতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত দশম জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনও একই প্রক্রিয়ায় করতে চাচ্ছে সরকার। নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে সারা দেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা ও গুম করা হচ্ছে। বুধবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিয়ে নিজেদের রক্ষা করুন, অন্যথায় এর ভয়াবহ পরিণতি আপনাদের একাই বহন করতে হবে। রিজভী এ সময় অভিযোগ করে বলেন, সারাদেশে বিরোধী দলীয় নেতাদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দশম জাতীয় নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও ষড়যন্ত্র করছে তারা।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। সরকারের নির্দেশে তারা বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুম করছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জনগণের মনোভাব ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে সরকার একদলীয় বাকশালের মনোভাব নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টায় লিপ্ত রয়েছে। ফলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে রাজপথেই এর ফয়সালা করা হবে বলে উল্লেখ করেন তিনি।