পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আসামি বিনিময়সহ ৩ চুক্তি আমিরাতের সঙ্গে

Posted on October 27, 2014 | in জাতীয় | by

Photo10598দুবাই থেকে: সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর ও নিরাপত্তা সহযোগিতাসহ তিনটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ। সোমবার দুবাইয়ে আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে এসব চুক্তি তিনটি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ‘সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর’ ও ‘নিরাপত্তা বিষয়ক সহযোগিতা’ চুক্তিতে সই করেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং আমিরাতের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া ঢাকায় আমিরাতের দূতাবাসের জন্য প্লট হস্তান্তরে অন্য চুক্তিটি হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমিরাতের পক্ষে ছিলেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, “সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর চুক্তির আওতায় উভয় দেশ আলোচনার মাধ্যমে আসামি হস্তান্তর করতে পারবে। অন্যান্য দেশের সঙ্গে যে ধরনের চুক্তি আছে, এক্ষেত্রেও সেভাবেই হয়েছে। এটি একটি মানবিক চুক্তি, উভয় দেশের স্বার্থই রক্ষিত হবে।” মন্ত্রিসভার অনুসমর্থনের মাধ্যমে ৩০ দিনের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করা যাবে বলেও জানান তিনি। অতিরিক্ত সচিব বলেন, নিরাপত্তা বিষয়ক চুক্তিটি করা হয়েছে সন্ত্রাসবাদ, অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে সহযোগিতা বাড়ানোর জন্য। “উভয় দেশের আস্থার পরিবেশ উন্নতিতে এ দুটি চুক্তি হয়েছে।” আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে আবুধাবি থেকে দুবাইয়ে আসেন। দুপুরে জাবিল প্রাসাদে আমিরাতের উপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন নরশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন। তিন দিনের এই সফরে শনিবার আরব আমিরাতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud