April 19, 2026
ঢাকা: জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না জি এম কাদেরের এই ঘোষণার একদিন পর দলের আরে প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রওশন এরশাদের নেতৃত্বে আমরা নির্বাচনে যাচ্ছি। শনিবার দুপুরে গুলশানের রওশন এরশাদের বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের চুন্নু একথা বলেন। এরশাদের মনোনীত মুখপাত্র জিএম কাদের ও রুহুল আমীন হাওলাদার ছাড়া কারো বক্তব্য জাতীয় পার্টির বক্তব্য বলে বিবেচিত হবে না- জিএম কাদেরের এমন মন্তব্যের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে চুন্নু বলেন, “এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তবে রওশন এরশাদের নেতৃত্বে আমরা নির্বাচনে যাচ্ছি।” এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না বলে সাফ জানিয়ে দেন দলের প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের ছোটভাই জি এম কাদের। নির্বাচনে না যাবার সিদ্ধান্তে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অনড় রয়েছেন বলেও জানান তিনি।