April 19, 2026
ঢাকা: একদিন বিরতি দিয়ে ফের দেশব্যাপী টানা ৮৩ ঘণ্টার অবরোধ। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। এসময় রাস্তায় পেট্রল ঢেলে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। লক্ষ্মীপুরে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। এদিকে রাজধানীর পুরান ঢাকা, বাড্ডা ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুইজনকে আটক করে পুলিশ। এছাড়া শাহজাদপুরে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে শিবিরকর্মীরা। শনিবার সকালে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সকাল ৮টার দিকে হাতিরপুল এলাকায় ঝটিকা মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। এ ঘটনায় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। একই সময়ে শাহজাদপুরে মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিবির কর্মীরা। এছাড়া সকাল ১০টার দিকে বাড্ডা-গুলশান লিংক রোডে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলার মোড়ে একটি কাভার্ডভ্যান ও একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে সকাল থেকেই রাজধানীতে রিকশা, অটোরিকশাসহ হালকা যান চলাচল করলেও যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল খুবই কম। তিন প্রধান বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে অল্প কিছু ট্রেন ও লঞ্চ ছেড়ে গেছে। ওদিকে নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি অলিগলিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যদের। জলকামান ও রায়ট কার নিয়ে পুলিশ টহল দেয় রাজপথে। উল্লেখ্য, একতরফা নির্বাচনী প্রস্তুতি বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী জোটের ডাকা পঞ্চম দফা এ অবরোধ শেষ হবে আগামী মঙ্গলবার বিকাল ৫টায়। অবরোধ চলাকালে ২১শে ডিসেম্বর জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত জাতিসংঘ ও স্বাস্থ্য বিভাগের যানবাহন এবং সংবাদপত্র ও সংবাদ কর্মীবাহী গাড়ি, এম্বুলেন্স, ফায়ার ব্রিগেড ও লাশবাহী গাড়ি আওতামুক্ত থাকবে। এর আগে একই দাবিতে চার সপ্তাহে চার দফা অবরোধ ডাকে বিরোধী জোট। চতুর্থ দফায় মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার অবরোধ গতকাল সকাল ৬টায় শেষ হয়।