March 14, 2026
ঢাকা: আজ ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৪৯তম জন্মবার্ষিকী। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেল। শিশু বয়সেই ঘাতকের বুলেটে তার মৃত্যু হয়েছিল।
শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ অগাস্টে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরানখানি এবং আছরের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হয় রাসেল। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। মার কাছে নেয়ার কথা বলে বাড়ির দোতলায় নিয়ে তাকে গুলি করে সেনা সদস্যরা।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাশ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক ও জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।