April 20, 2026
ঢাকা: আগামী সপ্তাহে আবারও দুইদিনের হরতাল দিচ্ছে জামায়াত। সপ্তাহের রোব-সোমবার অথবা বুধ-বৃহস্পতিবার হরতাল দিতে পারে দলটি। মহানগর জামায়াতের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতের নীতি নির্ধারণী বৈঠকে হরতালের তারিখ ঠিক করা হবে বলে জানা গেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল দেয় জামায়াত।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশ, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে আবারও হরতালের চিন্তা করছে জামায়াত।
মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে গত মঙ্গলবার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।