April 20, 2026
ঢাকা: টানা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়েও বেড়েছে তৈরি পোশাকশিল্পের রপ্তানি আয়। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে শুধু ওভেন খাতেই প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৩৭ শতাংশেরও বেশি। আর নিটওয়্যারে হয়েছে ১০ দশমিক ২ শতাংশ। যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্যই উঠে এসেছে। একই সঙ্গে আলোচ্য সময়ে রপ্তানিতে হিমায়িত খাদ্য, চিংড়ি, পাদুকা, চামড়া, চামড়াজাত পণ্য, কৃষিজাত পণ্য, বাইসাইকেল, পেপার অ্যান্ড পেপার প্রোডাক্ট, সিরামিক, রাবার, কার্পেট, টুপি ও হস্তচালিত শিল্পের প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ’১৩) তৈরি পোশাকশিল্পের মোট রপ্তানি আয় হয়েছে ১৪ হাজার ৬৮৫ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি। আর আগের অর্থবছরের চেয়ে ১৬ দশমিক ৫৬ শতাংশ বেশি। তথ্যমতে, ২০১৩-১৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ২৪৬ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। আর মোট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ছয় মাসেই ১৪ হাজার ৬৮৫ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। যা মোট রপ্তানি লক্ষ্যমাত্রার ৪৮ দশমিক ১৫ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে ওভেন গার্মেন্টসে ৫ হাজার ৮৭২ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করা হয়েছে। যা আগের অর্থবছরের চেয়ে ২০ দশমিক ৩৭ শতাংশ বেশি। আর মূল লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৯০ শতাংশ বেশি।