March 10, 2026
দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হোন। সবাই নিজনিজ এলাকায় গিয়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করুন।’
রবিবার জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইজাব গ্রুপ-এর স্বত্বাধিকারী বদিউজ্জামান বাবু ও ইসতিয়াক আহম্মেদ সহ ৪০ জন ব্যবসায়ী চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. হাফেজ আহমেদ, ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, যোগদানকারী ইশতিয়াক আহমেদ ও বদিউজ্জামান বাঘু। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার (অব.), ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ।