May 4, 2026
লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় গ্রামীণ ফোনের মালামাল ভর্তি ট্রাক পাহাড়ি খাদে পড়ে সাত কর্মকর্তা ও কর্মচারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে ৭ জন। বৃহস্পতিবার সকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আফতাব হোসেন (৫৫), আমজাদ হোসেন (৪৭), মো. রবিন (৩৫), আলেক (৪২), রাকিব (২৫), হাসান (২৫) ও মো. আজিজ (৪০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গ্রামীণ ফোন কোম্পানির নির্মাণাধীন একটি টাওয়ারের জন্য ঢাকা থেকে ট্রাক (গাড়ী নং ঢাকা মেট্টো ট-১৬৩৫৬৮) ভর্তি মালামাল নিয়ে লামা উপজেলার মিরিঞ্জা টপ এলাকায় যাওয়ার সময় গাড়িটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সড়কের ইয়াংছা মোড়ে পৌঁছালে ঘনকুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা চারজন ঘটনাস্থলে নিহত ও ৩ জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আহতদেরকে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়ী চালক বিল্লাল হোসেন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল হোসেন ট্রাক খাদে পড়ে নিহত ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।