May 6, 2026
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বাসায় ঢুকে নৃশংসভাবে মা ও মেয়েকে খুনের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবু রায়হান ও শহীদুল ইসলাম। আবু রায়হান (২৭) চট্টগ্রাম জেলা পুলিশের হাবিলদার আবুল বাশারের ছেলে। আর শহীদুল ইসলাম হলেন নগরীর খুলশী এলাকার একটি রেস্টহাউসের গাড়ি চালক। রায় ঘোষণার সময় আদালতে তারা উপস্থিত ছিলেন। এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে তারা একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
২০১৪ সালের ২৪ মার্চ চট্টগ্রামের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই রেজাউল করিম বাদী হয়ে ডবলমুরিং থানায় আবু রায়হানের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ রায়হান ও শহীদুলকে গ্রেফতার করে। ২৫ মে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডবলমুরিং থানার পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আবু রায়হান সায়মা নাজনীন ও তার মা সায়রা খাতুনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন। এ হত্যাকাণ্ডে তার বন্ধু শহীদুল ইসলাম সহযোগিতা করেন। শহীদুলকে ১০ হাজার টাকায় ভাড়া করেন রায়হান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আইয়ুব খান জানান, ৩০ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষ।