March 13, 2026
ডেস্ক রিপোর্ট : রাজধানীর লালবাগের হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠে পুরান ঢাকার অন্যতম বৃহৎ কোরবানির হাট। এ বছর এখনো তেমন জমে না উঠলেও হাটে আলোচনায় আছে দুই জোড়া গরু। ক্রেতাশূন্য হাটে দর্শনার্থীদের ভিড় এ চারটি আকর্ষণীয় গরুর কারণে। বিক্রেতা আনোয়ার হোসেন গরু দুটির দাম হাঁকছেন ১৮ লাখ টাকা। একটি ১০ লাখ, অন্যটির দাম ৮ লাখ। কয়েকজন ক্রেতা ৭-৮ লাখ টাকা দাম বলেই কেটে পড়ছেন।

কুষ্টিয়ার পোড়াদহ এলাকার কৃষক আনোয়ার হোসেন জানান, তিনি আটটি গরু নিয়ে ঢাকা এসেছেন। এর মধ্যে বড় দুটি গরু নিজেই ৩ বছর ধরে দেখভাল করেছেন। অন্য ছয়টি গরু ঢাকা আসার সময় তিনি কিনে নিয়ে এসেছেন।
তিনি বলেন, সকালে এসেছি কুষ্টিয়া থেকে। বাজারে ক্রেতা নেই। তারপরও বড় গরুটি ৮ লাখ টাকা দাম উঠছে। এখন তো আর কিনবে না, দেখতে আসে। ঈদের দু-একদিন আগে ঠিকই কামড়িয়ে (দর কষাকষি) ধরবে। ১০ লাখ টাকাই বিক্রি করার আশা করছি।
গরু মোটাতাজাকরণের জন্য ওষুধর ব্যাবহার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এ সব করি না। অনেক টাকা খরচ করেই গরু পালি। ভাল জাত হলে, আবার খাবার ও যতœ থাকলে গরু এমনি বড় হয়।
কুষ্টিয়া সদর থেকে আসা আসাদ মিয়া বলেন, তিনটি গরু নিয়ে ঢাকা এসেছি। একটি মাঝারি মানের হলেও বড় দুটি ২০ লাখ টাকায় বিক্রি করতে চাচ্ছি। ৩০ মিনিট হল আসছি। অনেকেই ভিড় করছে। এখনো কেউ দাম বলেনি, দেখে চলে যাচ্ছে।’