May 6, 2026
সিলেট: মুক্তমনা ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার পাঁচ আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- সাদেক আলী মিঠু, তৌহিদুর রহমান, আশিকুল মল্লিক, আরিফুল হক ও জাকিরুল হক গামা। ওই পাঁচজনই ব্লগার অভিজিৎ হত্যার আসামি। এদের মধ্যে সাদেক আলম মিঠুকে আজ অনন্ত হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। এছাড়াও বাকিদের গত ৮ সেপ্টেম্বর এই মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী পাঁচজনকে ১৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে বিজ্ঞান ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যা মামলায় সিলেটের স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাবি ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়ের নামের একজনকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে মান্নান রাহি আদালতে অনন্ত বিজয় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও সিআইডির হাতে আটক হওয়া শাবি ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমানের তথ্যের ভিত্তিতে আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। গত ৯ সেপ্টেম্বর তাকেও রিমান্ড দেন আদালত।