March 13, 2026
গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দিচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠেয জোটের মিটিং থেকে কর্মসূচি চূড়ান্ত করা হবে। বিএনপি এবং ২০ দলীয় জোটের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। দলীয় সূত্রমতে, একের পর এক আন্দোলনে ব্যর্থ হয়ে প্রচণ্ড চাপে পড়া বিএনপি এই মুহূর্তে বড় ধরনের কোনো কর্মসূচিতে যেতে চায় না। আপাতত দল পুনর্গঠন ও আটক নেতা-কর্মীদের আইনি লড়াইয়ের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করে সংগঠন মজবুত করাই দলটির প্রধান লক্ষ্য। কিন্তু, সরকার সম্প্রতি আর এক দফা বিদ্যুতের দাম বাড়ানোয় জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। আর এমন জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বিএনপির পক্ষে ‘মুখ বুজে’ বসে থাকা কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে রোববার রাতে জোট নেতাদের সঙ্গে বসছেন জোট নেতা খালেদা জিয়া। 
সংশ্লিষ্ট সূত্রমতে, বেকায়দায় থাকা বিএনপি গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি’র ইস্যুতে হরতালের মত বড় কর্মসূচিতে আপাতত যাচ্ছে না। বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের সেন্টিমেন্টের প্রতি ন্যুনতম শ্রদ্ধা জানানোর কৌশল হিসেবে আপাতত জেলায় জেলায় বিক্ষোভ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকতে চায় বিএনপি। তবে জোট শরিক, বিশেষ করে জোটের অন্যতম প্রধান শক্তি জামায়াত যদি ১ দিনের হরতাল কর্মসূচির ব্যাপারে জোরালো অবস্থান নেয়-সেটিও ভেবে দেখবেন জোট নেতা খালেদা জিয়া। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে কোনো ধরনের জনস্বার্থবিরোধী সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্তব্যের মধ্যে পড়ে।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে একটি রাজনৈতিক জোট আছে। জোটের সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করা হবে এবং সে কর্মসূচি জনগণের আশা- আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে চূড়ান্ত করবে জোট।