May 2, 2026
বিনােদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর। স্টেজ, অ্যালবাম, টিভি অনুষ্ঠান ও লাইভ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্লেব্যাকও করছেন নিয়মিত। বর্তমানে আসছে ঈদের জন্য বেশ কিছু গানে কন্ঠ দিচ্ছেন । সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এ সংগীত তারকা। নিজের বর্তমান ব্যস্ততা, বর্তমানে সংগীতের অবস্থা ও বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন নির্ঝর। গানের কি অবস্থা? কি কাজ করছেন?
ব্যস্ততার মধ্যে দিয়েই সময় যাচ্ছে। প্রতিদিনই কোন না কোন রেকর্ডিং, স্টেজ কিংবা টিভি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিচ্ছি। তাই অবসর তেমন একটা মেলে না। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছি। পাশাপাশি কয়েকটি ঈদের অ্যালবামেও গান গাইছি।
ঈদমুখী ব্যস্ততাটাই বেশি তাহলে?
সাধারণ ব্যস্ততার সঙ্গে ঈদ এলেই বাড়তি কাজের চাপ শুরু হয়। সেই ধারাবাহিকতাতেই কাজগুলো হচ্ছে। এখন বেশিরভাগ ঈদের অ্যালবামের গানই গাইছি। গানগুলো নিয়ে আমি আশাবাদী। এছাড়া ঈদের কয়েকটি টিভি অনুষ্ঠানেরও শুটিং করেছি। ২৬শে আগস্ট বাংলাভিশনে লাইভ করবো। এখানে নজরুল সংগীতই গাইবো। ঈদেও দু-একটি চ্যানেলের লাইভে গান গাওয়ার কথা রয়েছে।
মাঝে মধ্যেই আপনাকে নজরুল সংগীত গাইতে দেখা যায়। বিশেষ কোন কারণ আছে?
আমি ছোটবেলা থেকেই নজরুল সংগীত করে আসছি। অনেক জাতীয় পুরস্কারও আমি সে সময় পেয়েছি নজরুলগীতি গেয়ে। পরবর্তীতে আধুনিক গানে ব্যস্ত হওয়ার ফলে নজরুল সংগীতটা ঐভাবে শ্রোতাদের কাছে পৌছেনি। তবে আমাার ভালবাসা জুড়ে আছে নজরুলের গান। এখন সময় সুযোগ মিললে আমি নজরুলের গান করে থাকি। নজরুলসংগীত গাওয়ার সুযোগ মিস করতে চাই না। ২৬ তারিখের লাইভের জন্যও প্রিয় নজরুলগীতিগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছি।
নজরুলের গান নিয়ে একটি অ্যালবামও তো করছেন?
হ্যা, অ্যালবাম করবো। তবে এখনও কাজ শুরু করিনি। খুব আস্তে-ধীরেই এর কাজ করবো। এখনই না। এটা আসলে আমার সপ্নের একটি প্রজেক্ট। তাই সময় নিয়ে করতে চাই। আমি আগেই বলেছি নজরুলের গান নিয়ে করা অ্যালবামটি ২০১৭ সালে প্রকাশ করবো। এখনও সেই সিদ্ধান্তের মধ্যেই আছি।
নতুন একক অ্যালবাম নিয়ে কিছু ভেবেছেন?
নতুন একক অ্যালবাম নিয়ে কথাবার্তা চলছে। অনেকে অনেক প্রস্তাব দিচ্ছেন অ্যালবামের। তবে এখনও পরিকল্পনা করিনি আমি। ২০১২ সালে সিডি চয়েজের ব্যানারে ‘সপ্নমুখী’ অ্যালবাম প্রকাশ করেছিলাম। সে অ্যালবামের আরাধনাসহ বেশি কিছু গান শ্রোতারা অনেক পছন্দ করেছেন। কিন্তু ৩ বছর পার হলেও ঐ অ্যালবামটির জন্য সম্মানির দিক থেকে আমি কিছুই পাইনি।
সম্মানি কেন পাননি?
অ্যালবামটি আমি রয়্যালিটিতে প্রকাশ করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত ‘সপ্নমুখী’ অ্যালবাম থেকে কোন রয়্যালিটি পাইনি আমি। অথচ অ্যালবাম তৈরি করেছিলাম ৮ লাখ টাকা দিয়ে। তার পুরোটাই কোম্পানি ভোগ করেছে। অ্যালবামের ‘আরাধনা’ গানটি কিন্তু বেশ শ্রোতাপ্রিয় একটি গান। এর ভিডিওটিও দর্শক পছন্দ করেছেন অনেক। পুরো অ্যালবামে শ্রোতাদের সাড়া অনেক পেয়েছি, কিন্তু কোম্পানির সাড়া পাইনি। অডিও কোম্পানিগুলো আসলে শিল্পীদের মূল্যায়ন করতে রাজী নয়। অথচ মিউজিক ইন্ডাস্ট্রির এই কঠিন সময়ে সহযোগিতাপূর্ণ আচরণ আমাদের সবারই করা দরকার। কিন্তু সেটা দেখা যাচ্ছে না বললেই চলে।
আপনার দৃষ্টিতে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন কেমন?
এখনও অডিও ইন্ডাস্ট্রির অবস্থা অনিশ্চিত। কারণ এখান থেকে উত্তরণের কোন উদ্যোগই চোখে পড়ছে না, সমাধানতো দূরে থাক। আসলে অডিও ইন্ডাস্ট্রির উন্নয়নে সবার সম্মিলিত প্রয়াস দরকার। কিন্তু সেটা হবে কিনা আমার জানা নেই। তারপরও সামনে এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে বলেই আশা রাখি। কারণ আশা নিয়েই মানুষ বাঁচে। হয়তো কোন না কোন সমাধান আসবে। কারণ সেটা না হলে পুরোপুরি ধ্বংসের দিকেই চলে যাবে অডিও ইন্ডাস্ট্রি।