May 2, 2026
প্রতিবিদক: রাজধানী ঢাকায় দুদিন ধরে ঝরঝর বৃষ্টি ঝরছে তো ঝরছেই। এতে বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি জমেছে। কোথাওবা কোমর পানি। সেই নোংরা পানি পার হয়ে নিজ নিজ গন্তব্যে যেতে হচ্ছে মানুষকে।
গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কখনো থেমে থেমে, কখনোবা টানা বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে ঢাকায় প্রায় একটানা বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালেও টিপটিপ বৃষ্টি চলছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে মানুষ। শান্তিনগর, মিরপুর, বাড্ডা, তেজতুরী বাজার, নাখালপাড়াসহ বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমর পানি জমেছে। এতে পথচারী ও যানবাহনের আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার ধারের অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে।
আবহাওয়া বিভাগ বলছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণেই বৃষ্টি হচ্ছে। আজ দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।