May 7, 2026
সিলেট প্রতিনিধি : সিলেটে খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে পিটিয়ে এক কিশোরকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জালালাবাদ থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। পৈশাচিক এই ঘটনার বিচার দাবিতে, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বুধবার চুরির অভিযোগে শেখ মোহাম্মদ সামিউল নামে ১৩ বছরের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন।
অভিযোগ চুরির। সবজি বিক্রেতা সামিউল আলম রাজনকে খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারপিট করে কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন। এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে ওই কিশোর।
বেদম মারে রাজনের আর্ত চিৎকারেও মন গলেনি পাষন্ডদের। মৃত্যুর আগে পানি চেয়েছিল। নরপিশাচরা তাকে বলেছে ঘাম খেতে। মৃত্যুর পর রাজনের মরদেহ গুমেরও চেষ্টা হয়। কিন্তু ধরা পড়ে যায়। এরপর ফুঁসে ওঠে স্থানীয় জনগণ। হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।
এদিকে সন্তানকে হারিয়ে শোকাতুর রাজনের বাবা মা। জানান, তাদের সন্তানের প্রতিবন্ধিতা ছিলো। হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি চান তারা।
নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, লাশ গুম করার সময় হাতেনাতে মুহিত নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।