May 1, 2026
উপমহাদেশ তথা বাংলা গানের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। সুরেলা কণ্ঠ ও মিষ্টি সুরের মূর্ছনায় তিনি আচ্ছন্ন করে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম। দীর্ঘ ক্যারিয়ারের সুবোদ জয় করে নিয়েছেন দেশে বিদেশের নানা সম্মান ও স্বীকৃতি।
রুনা লায়লার সেই মুকুটে যোগ হলো নতুন আরেকটি পালক। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে সম্মানিত হলেন এ গুণী শিল্পী। সংগীতজীবনের ৫০ বছর পূর্তি ও উপমহাদেশের সংগীতে বিশেষ অবদান রাখার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ গায়িকাকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। তাঁর হাতে এটি তুলে দেন ব্রিটিশ এমপি সীমা মালহোত্রা। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়। পুরস্কার গ্রহণসহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিটিশ-এশিয়ান এক শিল্পীর ফিউশন অ্যালবামের মোড়ক খুলেন রুনা। পুরস্কার পেয়ে আবেগে আপ্লুত রুনা লায়লা জানান, ‘এ সম্মান ও স্বীকৃতিতে আমি ধন্য। আমার সব শ্রোতা ও অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা।’ এসময় তিনি পুরস্কার প্রদান কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান। জানা যায়, লন্ডনে আরও বেশ কিছুদিন অবস্থান করবেন তিনি। সেখানে তার মেয়ে-জামাতা এবং নাতিদের সঙ্গে সময় কাটাবেন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন রুনা লায়লা।