March 7, 2026
স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাষানটেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে হত্যার অভিযোগ ওঠেছে। ছাত্রীর নাম ঝুমুর আক্তার (২০)। তার বাবার নাম ইসমাইল। তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর ১৪ নম্বরের মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঝুমুরের বড়বোন হাজেরা খাতুন জানান, আব্দুল আজীজ গাজী নামের ঝুমরের স্বামীই ঝুমুরকে হত্যা করেছে। দেড় বছর আগে ফুঁসলিয়ে গোপনে ঝুমুরকে বিয়ে করেছিল পুর্ববিবাহিত আজিজ। এর মধ্যে গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজের পূর্বের স্ত্রী রাজিয়া বেগম (৪০) মারা যান। ঝুমুর রাজিয়ার ভাগ্নি হন। অভিযোগ ওঠে রাজিয়াকে বিষ খাইয়ে হত্যা করেছিল আজিজই।
হাজেরা খাতুন জানান, আজ (শনিবার) সকালে ঝুমুরের পেটের ব্যথার কথা বলে মিরপুর ১৪ নম্বরের মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান মানিক নামের এক লোক। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ঝুমুরকে মৃত ঘোষণা করেন। পরে ভাষানটেক থানার এসআই জিয়াউল হক ঝুমুরের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠান।
ধারণা করা হচ্ছে মানিক আজিজের লোক।
হাজেরা অভিযোগ করেন, আজিজ তার বোনকে সুকৌশলে হত্যা করেছে।
চার বোন এক ভাইয়ের মধ্যে ঝুমুর ছিল বার ছোট। তাদের বাড়ি চাঁদপুরের মতলব থানার শিখিরচরে। সিদ্ধিরগঞ্জের সানার পাড়ায় তারা থাকতেন।
ঝুমরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মর্গসূত্র জানিয়েছে, কিছু নমুনা সংগ্রহ করে তারা পরীক্ষা নিরীক্ষার জন্য মহাখালি রাসায়নিক কেন্দ্রে পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে ঝুমুর মারা গেছেন।
এদিকে, ভাষানটেক থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, লাশ উদ্ধার কিম্বা কাউকে গ্রেপ্তারের ব্যাপারে তিনি কিছুই জানেন না।