May 8, 2026
নিউজ ডেস্ক : জর্জিয়ায় রাজধানী তিবলিসিতে প্রচণ্ড এক বন্যায় কমপক্ষে ১০ জন মানুষের সলিল সমাধি হয়েছে। আকস্মিক বন্যায় ভেসে গেছে রাজধানীর চিড়িয়াখানাও।
জানা গেছে, বন্যা পরিস্থিতির ভেতর শহরের একটি চিড়িয়াখানা থেকে বিভিন্ন পশু পালিয়ে যায়। এসব পশুর আক্রমণ থেকে বাঁচতে শহরের বাসিন্দাদেরকে সতর্ক করে দিয়েছেন কর্মকর্তারা। ঘরের বাইরে না বেরোতে বলা হয়েছে স্থানীয় নাগরিকদের।
বন্যার পানির তোড়ে চিড়িয়াখানার খাঁচা ভেঙে যাওয়ার পর বেশ কিছু বাঘ, সিংহ, ভালুক এবং নেকড়ে নিখোঁজ রয়েছে।
তিনটি পশুর মৃতদেহ চিড়িয়াখানার ভেতরে পাওয়া গেছে।
তিবলিসির রাস্তায় বিশাল আকৃতির একটি জলহস্তী দাঁড়িয়ে, একটি প্রমাণ সাইজের ভাল্লুক একটি ভবনের কার্নিশে ঝুলে বন্যার পানি থেকে বাঁচার চেষ্টা করছে। একটি রাস্তায় সাঁতরে বেড়াচ্ছে বিরাট এক কুমির।
বন্যায় উপদ্রুত শহরে তোলা এইসব ছবি দেখে মনে হবে—এটি যেন বাস্তবের কোনো জুরাসিক পার্ক।
শহরের চিড়িয়াখানা ভেসে মারা গেছে সিংহসহ বেশ কিছু প্রাণী।
খাঁচা বা বেড়া ডিঙ্গিয়ে বেরিয়ে পড়েছে বাঘ, সিংহ, নেকড়ে, ভল্লুক, কুমিরসহ আরো প্রাণী।
কর্তৃপক্ষ নগরবাসীকে সাবধান করছেন, তরা যেন বাইরে বের না হন।
তিবলিসির মেয়র ডাভিট নারমানিয়া বলছেন, এখনও চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাওয়া অনেক পশু খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেছেন, কিছু জন্তুকে ধরা গেছে, কিন্তু এখনও অনেকগুলো নিখোঁজ। তাদের ধরার চেষ্টা চলছে।
জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাসভিলিও রাজধানীর বাসিন্দাদের আপাতত ঘরের ভেতর থাকার অনুরোধ করেছেন।
তিবলিসির ভেতর দিয়ে বয়ে যাওয়া নদী ভের স্বাভাবিক সময়ে নেহাতই একটি খালের মত।
কিন্তু ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নদীর পানি উপচে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বহু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এসময় শহরের চিড়িয়াখানায় হু হু করে ঢুকে পড়ে বন্যার পানি।
বেরিয়ে যাওয়া বেশ কিছু পশুকে গুলি করে হয় মারা হয়েছে, না হয় ট্রাঙ্কুলাইজার দিয়ে অচেতন করে ধরা হয়েছে।
তবে এখনও কত পশু বাইরে রয়ে গেছে, তা স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ।