May 6, 2026
বিনােদন ডেস্ক: রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। বলিউডের জনপ্রিয় জুটি। কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও এ জুটির রসায়ন নিয়ে হরহামেশাই নানা খবর বের হচ্ছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের মধ্যে দারুণ সখ্য গড়ে ওঠে।
সময়ের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ইতিউতি ঘুরে-বেড়াতে দেখা যায়। মুখে স্বীকার না করলেও, তাঁদের প্রেম বলিউডে প্রায় প্রতিষ্ঠিত একটি বিষয়। তারই ধারাবাহিকতায় এবার এই জুটির বাগদানের খবর চাউর হয়েছে। শোনা যাচ্ছে, বাগদানের পর্ব সারতে যাচ্ছেন রণবীর-দীপিকা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাগদানের মধ্য দিয়ে নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান রণবীর ও দীপিকা। রণবীরকে দারুণ পছন্দ করেন দীপিকার অভিভাবকেরা। তাঁদের চাওয়া, রণবীর-দীপিকার সম্পর্ক আনুষ্ঠানিক একটি রূপ পাক।
সূত্রটি আরও জানিয়েছে, ১০ জুন ছিল দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের ৬০তম জন্মদিন। সেদিন জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর।
শুধু তাই নয়, অনুষ্ঠান সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। শুরুর দিকে রণবীরের সঙ্গে সম্পর্কের পরিণতি নিয়ে খুব বেশি নিশ্চিত ছিলেন না দীপিকা। তবে বাগদানের মতো বড় পদক্ষেপ নিতে এখন তাঁর আর কোনো আপত্তি নেই।