May 1, 2026
অবাক করা হলেও সত্য যে, স্পেনের এক নারী ই-কমার্স জায়ান্ট ইবে’র মাধ্যমে সূর্যে প্লট বিক্রি করছিলেন। দামও খুব কম। প্রতি বর্গ মিটার মাত্র এক ইউরোতে পাওয়া যাচ্ছিলো। কিন্তু ঐ মহিলার একাউন্ট বাতিল করে দিয়ে গোল বাঁধালো ইবে নিজেই। শেষমেশ ইবে’র সাথে ঐ মহিলার বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে।
সূর্যে প্লট বিক্রি করা ঐ মহিলার নাম মারিয়া দুরান। তিনি স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের ভিগো শহরের বাসিন্দা। বয়স ৫৪। ২০১০ সাল থেকে দুরান সূর্যের একটি অংশের মালিক বলে নিজেকে জাহির করছিলেন। এও বলেছিলেন যে, যারা সৌরশক্তি ব্যবহার করছে তাদের কাছ থেকে বিল সংগ্রহ করবেন।
এর কয়েকদিন পর মারিয়া দুরান ইবে-তে সূর্যের প্লট বিক্রি শুরু করেন। কিন্তু সূর্যকে ‘অধরা সম্পত্তি’ সাব্যস্ত করে ইবে সম্প্রতি দুরানের একাউন্ট বাতিল করে দেয়। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন দুরান। দিয়েছেন ইবে-র বিরুদ্ধে পাঁচ হাজার সাতশ’ পাউন্ডের মামলা ঠুকে।
তবে ইবে-তে একাউন্ট বন্ধ হয়ে গেলেও নিজের ওয়েবসাইট থেকে সূর্যে প্লট বিক্রি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দুরান।