May 1, 2026
রাজশাহী প্রতিনিধি : ধর্ষণের শিকার পাঁচ বছর বয়সী এক শিশু মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
মেডিকেল টেস্টে ধর্ষণের প্রমাণ মিললেও ধর্ষক ও তাদের স্থানীয় প্রভাবশালীদের হুমকিতে এখনও পর্যন্ত থানায় মামলা দায়ের করতে পারেনি ভুক্তভোগীর পরিবার।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, দুর্গাপুর উপজেলার যুগীশো গ্রামের শিশুটি শনিবার (০৬ জুন) বিকেলে বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী রাজু আহম্মেদের ছেলে শাকিল পাকা আম দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমানকে জানালে তিনি মামলা না করার পরামর্শ দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ দেন।
রোববার (০৭ জুন) শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
পরিমল কুমার আরও জানান, এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। মেডিকেল সনদপত্র দিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের ওসিসি’র ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমা বেগম জানান, ভুক্তভোগীর মেডিকেল টেস্ট করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। এ ব্যাপারে ওসিসি’র পক্ষ থেকেই সরকারি আইন সহায়তাসহ মামলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।