April 16, 2026
ডেস্ক রিপোর্ট : লন্ডনে হিজাব পরায় এক মুসলিম নারীকে পিটিয়েছে একদল ‘বর্ণবাদী’ নারী। পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এ প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
ক্রডনের ডের্বি রোডে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বেসরকারি ইসলামিক প্রাইমারি স্কুল থেকে দুই সন্তানকে আনতে যাওয়ার পথে কয়েকজন নারী ওই মুসলিম নারীর ওপর হামলা চালায়।
যুক্তরাজ্যের ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী জানান, স্কুলপড়ুয়া সন্তানদের আনতে যাওয়ার পথে তার মাথায় হিজাব দেখে একদল নারী চিৎকার ও উত্ত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে তারা তার হিজাব টেনে খুলে ফেলে ও মারতে থাকে।
উগ্র নারীরা তাকে বেশ কয়েকবার ধাক্কা ও লাথি মেরেছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী নারী।
স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে।
ইতোমধ্যে এ ঘটনায় জড়িতের অভিযোগে ১৮ ও ৩৫ বছর বয়সী দুই ব্রিটিশ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তারা জামিন নিয়ে বেরিয়ে আসেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আমরা যে কোনো অপরাধ গুরুতর হিসেবে নেই। আমরা দুইজনকে গ্রেফতার করেছি যা চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট।’