April 29, 2026
ঢাকা: ফেব্রুয়ারির সেই সন্ধ্যাটা ফিরে এল আজও। ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু গোল্ড কাপের সেই সন্ধ্যায় মালয়েশিয়ার বিপক্ষে ৯০ মিনিট শেষ যোগ করা ৩ মিনিটের দ্বিতীয় মিনিটে গোল হজম করে শেষ পর্যন্ত শিরোপাটাই বিসর্জন দিতে হয়েছিল বাংলাদেশকে। সে ম্যাচের সঙ্গে এ ম্যাচের তুলনা হয় না। তবুও বঙ্গবন্ধু স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও যেভাবে ১-১ ড্র করল বাংলাদেশ, সেটা হতাশারই।
৩০ মে সিঙ্গাপুরের বিপক্ষে ৪ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। আজও তা-ই। সেবারও মামুনুলের ফ্রি কিক থেকে গোল। এবারও। শুধু নাসিরের বদলে এবার হেড করলেন জাহিদ হাসান এমিলি। এরপর ক্ষণে ক্ষণে আফগান রক্ষণে আক্রমণ চালালেন মামুনুলরা। অবশ্য পাল্টা আক্রমণ চালিয়েছিল আফগানরাও। ৩১ মিনিটে আফগানদের ফ্রি-কিকে সর্বনাশই হতে যাচ্ছিল; ক্রসবারে লেগে সে দফা রক্ষা। বাংলাদেশ গোলরক্ষক রাসেল মাহমুদের পারফরম্যান্সের কথা বলতেই হবে। ৫২ ও ৮২ মিনিটে যেভাবে সেভ করেছেন, অসাধারণ!
কর্দমাক্ত মাঠে ম্যাচের প্রায় পুরোটা সময়ই প্রশংসা করার মতো ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে প্রচণ্ড চাপে রাখার পরও শেষ মুহূর্তের গোলে চূড়ান্ত সর্বনাশ! ৯০ মিনিট শেষ যোগ করা ৪ মিনিটের তৃতীয় মিনিটে ইসমত শেনোয়ারির গোলে বাংলাদেশের জেতা ম্যাচটার স্কোরলাইন হলো ১-১।
রাশিয়া বিশ্বকাপ ও আগামী এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের অভিযান শুরু ১১ জুন। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিরগিজস্তানের সঙ্গে হবে প্রথম ম্যাচ। ১৬ জুন একই ভেন্যুতে প্রতিপক্ষ তাজিকিস্তান।
দুটি ম্যাচের আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স একেবার খারাপ হয়নি বাংলাদেশের। তবে এ ম্যাচ জিতলে আত্মবিশ্বাস নিশ্চয় অন্য রকমই হতো মামুনুলদের। কিন্তু শেষটা হলো শেষ মিনিটে গোল খাওয়ার পুরোনো আফসোস নিয়েই।