May 2, 2026
ওমর ফারুক: এক সময় যে বাংলাদেশ সারাবিশ্বে ‘বটমলেস বাস্কেট (তলাবিহীন ঝুড়ি) হিসেবে পরিচিত পেয়েছিল, সেই বাংলাদেশ এখন উন্নয়নে ভরপুর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেছেন, ‘বাংলাদেশ এখন আর বটমলেস বাস্কেট নয়। ঝুড়ি এখন উন্নয়নে ভরপুর।’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতকে ধন্যবাদ জানান। ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ সরকারের সাফল্যের জন্য নাগরিক কমিটি সরকারপ্রধানকে এ সংবর্ধনা দেয়। সংগঠনের সভাপতি কবি ও লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অভিজ্ঞানপত্র পাঠ করেন অধ্যাপক আনিসুজ্জামান। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পঁচাত্তর-পরবর্তী সময়ে বাংলাদেশের ‘বিরূপ’ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেদিন শিশুদের ছেড়ে চলে এসেছিলাম বাংলার মাটিতে। শুধু বাংলাদেশের মানুষের জন্য। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের সংবর্ধনার প্রাপ্য বাংলার সাধারণ মানুষ। এ সম্মাননা বাংলার মানুষকে উৎসর্গ করলাম। দীর্ঘ ৪০ বছর পর ভারত সরকার স্থলসীমান্ত চুক্তি অনুমোদন দিয়েছেন। এ জন্য ভারতকে ধন্যবাদ। ভারত বাংলার মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, শরণার্থীদের সঙ্গে ছিলেন। ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করি, তখনই বলি আমাদের একটি মাত্র শত্রু তা হচ্ছে দারিদ্র্য। আমরা অনেক উন্নয়ন করেছি। কিন্তু সেটি বড় কথা নয়, আমাদের আরো অনেক পথ বাকি।’ বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের নেতৃস্থানীয়রা সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা বাদ্যসহকারে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। বিকেলে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের সংবর্ধনাস্থলে আসতে দেখা যায়।
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য লেখক-শিল্পী-সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় নিয়ে ২০০ জনের একটি কমিটি গঠন করা হয়।