May 5, 2026
স্টাফ রিপোর্টার: রাজধানীর হলিক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্লে শ্রেণির এক ছাত্রীকে (৫) ধর্ষণের দায়ে ওই স্কুলের আরবি শিক্ষক মো. মিনহাজ উদ্দিনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ আদেশ দেন। রায়ে একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। জরিমানার দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১১ই মার্চ ওই ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে স্কুলের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক মিনহাজ উদ্দিন। পরে ওই ছাত্রী বাসায় গিয়ে অসুস্থ হয়ে পরে এবং তার মাকে সব খুলে বলে। ওই দিনই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় ধর্ষণ ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।